নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি মুখে যা বলে তা কাজের মাধ্যমে প্রমাণ করে। কথা ও কাজের মিল রেখে নীতি-আদর্শের ওপর ভিত্তি করেই দলটি তাদের কর্মকাণ্ড পরিচালনা করে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে দিনাজপুর শহরের গণেশতলা বারোয়ারি দুর্গা মন্দির (রায় সাহেব বাড়ি) পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার এই নীতির ওপর ভিত্তি করে এ দেশের মানুষ দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে বাস করে আসছে। অন্তর্বর্তী সরকারের আমলে একটি দল দুর্গা মণ্ডপ পাহারা দিয়েছিল, এবার তাদের কাউকে আর দেখা যাচ্ছে না। তবে বর্তমান সরকার সকল নাগরিকের অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বস্তরের মানুষের অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”
পরিদর্শনকালে মন্ত্রী উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে সার্বিক নিরাপত্তার চিত্র তুলে ধরেন।
এ সময় দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেএইচআর
