চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুত ও বিক্রির অভিযোগে একটি দোকান থেকে ৯ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় দোকানমালিক মো. ইয়াহিয়াকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার পশ্চিম পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রোহাই পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) মো. তামজিদুর রহমান তময়ের নেতৃত্বে থানা পুলিশ, জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। এ সময় ৫০ কেজি ওজনের মোট ৯ বস্তা চাল জব্দ করা হয়। বস্তাগুলোতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চালের পরিচিতি উল্লেখ ছিল।
অভিযানকালে দোকানের মালিক স্থানীয় বাসিন্দা মো. ইয়াহিয়াকে এক হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার বিষয়ে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রের দাবি, দোকানটি পুঁইছড়ি এলাকার বিএনপি নেতা ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হিসেবে পরিচিত রশিদ আহমদের শ্যালকের। তবে জব্দ করা চালের প্রকৃত উৎস, কীভাবে তা দোকানে এসেছে এবং মজুত ও বিক্রির সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে বাঁশখালী উপজেলা খাদ্য কর্মকর্তা মো. সেলিম হেলালি জানান, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চালের অনিয়ম প্রতিরোধ এবং খোলাবাজারে অবৈধ বিক্রি বন্ধে নজরদারি অব্যাহত থাকবে।
The post বাঁশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির ৯ বস্তা চাল জব্দ, দোকানিকে জরিমানা appeared first on ভোরের চেতনা.
