কালবেলা · সাধারণ
হত্যাকাণ্ডের জেরে ২৫ বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
১৫/১০/২০২৬

নড়াইলের নড়াগাতীতে ভ্যানচালক হাসান শেখ (৪৫) হত্যাকাণ্ডের জেরে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে অন্তত ২০ থেকে ২৫টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সরেজমিনে ওই গ্রামে গিয়ে দেখা গেছে, পুড়ে যাওয়া বাড়িগুলোতে এখন শুধু ছাই আর ধ্বংসস্তূপ। ঘরের টিন, আসবাবপত্র, ধান-চাল, পাট, গবাদি পশু, স্বর্ণালংকারসহ সবকিছু লুট করে নিয়ে আগুন দেওয়া হয়েছে। আতঙ্কে নারী ও শিশুরা গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। হত্যার ঘটনার পর দিন থেকে শুরু করে এ পর্যন্ত এ ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
ভুক্তভোগী বাবু শেখের স্ত্রী তসিরন অভিযোগ করে বলেন, ‘সোহেল মেম্বারের নেতৃত্বে আলমগীর, আজিজুল, মাহাবুর, রাসেল, মুক্তিসহ একদল দুর্বৃত্ত তাদের বাড়িতে হামলা চালায়। এসময় তার পরনে থাকা স্বর্ণের কানের দুল, স্বর্ণের চেইন, স্মার্ট ফোন এবং ঘরে থাকা সব আসবাবপত্র নিয়ে যায়। পরে রাতের বেলায় পেট্রোল দিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।’
শেখ তৈয়বুরের স্ত্রী আঞ্জুয়ারা ও মেয়ে শিল্পী বেগম অভিযোগ করে বলেন, ‘খুনের ঘটনাকে কেন্দ্র করে সোহেল মেম্বারের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে পায় ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে। দিনের বেলায় চুপচাপ থাকলেও রাতের আধারে সন্ত্রাসীরা গ্রামে ভাঙচুর ও লুটপাট অব্যাহত রেখেছে। আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোহেল মেম্বার গ্রুপ ও আবেদ শেখ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষে হাসান শেখ গুলিবিদ্ধ হয় এবং ১১ জন আহত হন।
আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ হাসান শেখ বৃহস্পতিবার ভোরে মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই হোসেন শেখ বাদী হয়ে নড়াগাতী থানায় ৩৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পর উত্তেজিত হয়ে সোহেল মেম্বারের লোকজন আবেদ গ্রুপের লোকজনের বাড়িঘরে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
নিহত ভ্যানচালক হাসান শেখের মা তাসলিমা বেগম (৬২) বলেন, ‘হত্যার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, ‘হাসান শেখ হত্যা মামলায় ৩ জন এবং ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের দুটি পৃথক মামলায় আরও ৬ জনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
তিনি বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে চরকান্দিপাড়া ও কলাবাড়িয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। লুট হওয়া মালামালের কিছু অংশ কলাবাড়িয়ার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশ, ডিবি ও র্যাবের যৌথ অভিযান অব্যাহত আছে।’
মূল প্রতিবেদনে যান ↗