Published on
:
2 min read
পুরোনো বচসার জেরে গুলিবিদ্ধ হয়ে খুন নাবালক ছাত্র। গুলিতে জখম অটোরিকশার এক চালক। চণ্ডীগড়ের সেক্টর ২২ এলাকায় বৃহস্পতিবার রাতের ঘটনা। নিহত নাবালকের নাম নৈতিক। তাকে খুনের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। সেও নাবালক বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, খুনের ঘণ্টা খানেক আগে সেক্টর ৩৪ এলাকায় নৈতিকের সঙ্গে তার পরিচিত এক বন্ধুর সঙ্গে প্রথমে বচসা বাধে। বচসা চলাকালীনই নৈতিক ও তার কয়েকজন সঙ্গী পরিচিত বন্ধুকে বেধড়ক মারধর করে ও পেটানোর ছবি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল করে দেয়। তার পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় নৈতিক ও তার সঙ্গীরা। পুলিশ জানায়, তার পরে অটোরিকশায় চড়ে সেক্টর ২২ এলাকায় ফিরছিল নৈতিক ও তার এক সঙ্গী। সেই সময়ে অভিযুক্ত নাবালক ও তার দুই সঙ্গী মোটরবাইকে চেপে নৈতিকদের ধাওয়া করে।
সূত্রের খবর, অভিযুক্ত নাবালক তাদের ধাওয়া করেছে বুঝতে পেরে নৈতিক অটোচালকে জোরে গাড়ি চালাতে বলে। সেক্টর ২২ এলাকায় সনাতন ধর্ম মন্দিরের কাছে অটোরিকশার সামনে চলে যায় মোটরবাইকের আরোহীরা। অভিযুক্ত বন্দুক বার করে তিন রাউন্ড গুলি ছোড়ে অটোরিকশা লক্ষ্য করে। অটোরিকশার উইন্ডস্ক্রিন ভেদ করে একটি গুলি লাগে অটোরিকশা চালকের কাঁধে। একটি গুলি লাগে নৈতিকের বুকে। অল্পের জন্য একটি গুলি ফসকে যায় ও প্রাণে বেঁচে যায় নৈতিকের সঙ্গে থাকা বন্ধু। অটোচালক ও নৈতিককে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা কাছের হাসপাতালে নিয়ে যান। সেখানে নৈতিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সূত্রের খবর, গুলি চলেছে শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এলাকার সিসিটিভি-র ফুটেজ, অটোরিকশার ড্যাশক্যাম ফুটেজ, স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তের খোঁজ পায় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে একটি পিস্তলও বাজেয়াপ্ত করা হয়েছে।
