চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ছিনতাইকারীদের হামলায় নাফিয়া সুলতানা তনিমা নামে দশম শ্রেণির এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
হামলাকারীরা তাকে ছুরিকাঘাত করে গলার চেইন ও কানের দুল নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। আহত নাফিয়া স্থানীয় জাফর নগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দা ও তার পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়েছিল সে। পথে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পাশাপাশি মারধর করা হয়।
পরে তার গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ছাত্রীটিকে উদ্ধার করা হয়। তবে তার চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের নিরাপদ চলাচল এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
স্থানীয়রা বলেন, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।
বিআলো/আমিনা