হলিউডের দুবারের অস্কারজয়ী অভিনেত্রী হিলারি সোয়াঙ্কের পরিবারে আসছে নতুন অতিথি। ৫২ বছর বয়সে তৃতীয় সন্তানের মা হতে চলেছেন তিনি। অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশের এক দিন পর, ১৫ অক্টোবর নিউইয়র্কে প্রকাশ্যে দেখা গেল অভিনেত্রীকে। এ সময় তাঁর বেবি বাম্পের ছবি নজর কেড়েছে ভক্তদের।
এদিন নিউইয়র্কে ‘দ্য ড্রিউ ব্যারিমোর শো’-তে অংশ নেওয়ার পর অনুষ্ঠানস্থল থেকে বের হতে দেখা যায় সোয়াঙ্ককে। পরনে ছিল স্লিভলেস টপ, নিচু কোমরের মাতৃত্বকালীন জিনস ও রঙিন বোনা কার্ডিগান। লাল রঙের ব্যাগ এবং নেভি ব্লু রঙের হিল তাঁর সাজে যোগ করেছিল আলাদা মাত্রা।

এর আগের দিন, ১৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওর মাধ্যমে তৃতীয় সন্তান আসার খবর জানান অভিনেত্রী। ভিডিওতে তাঁর স্বামী ফিলিপ স্নাইডার এবং তিন বছর বয়সী যমজ সন্তান আয়া ও ওমকেও দেখা যায়। চারজনের শরীরেই ছিল জ্বলজ্বলে রঙিন কাঠি। অন্ধকারে নাচতে নাচতে পরিবারের আনন্দঘন মুহূর্ত উদ্যাপন করেন তাঁরা। সোয়াঙ্কের পেটেও ছিল একটি ছোট নিয়ন কাঠি দিয়ে তৈরি মানুষের অবয়ব।
ভিডিওটির ক্যাপশনে রসিকতা করে সোয়াঙ্ক লেখেন, ‘অনেকেই জানতে চাইছিলেন, পরবর্তী কোন প্রকল্পে কাজ করছি। এটি ডিসেম্বরে মুক্তি পাচ্ছে।’
তৃতীয়বার মা হওয়ার খবরে উচ্ছ্বসিত অভিনেত্রী। পিপল সাময়িকীকে তিনি বলেন, ‘অন্য সবার মতো আমিও জানতে পেরেছি যে আমি অন্তঃসত্ত্বা। পরীক্ষা করিয়ে জানতে পারলাম, আমি গর্ভবতী। আমি ভীষণ আনন্দিত, কৃতজ্ঞ এবং রোমাঞ্চিত।’
২০১৮ সালে উদ্যোক্তা ফিলিপ স্নাইডারকে বিয়ে করেন সোয়াঙ্ক। বিয়ের পাঁচ বছর পর, ২০২৩ সালে তাঁদের যমজ সন্তান আয়া ও ওমের জন্ম হয়। এবার পরিবারে আসছে তৃতীয় সন্তান।

এর আগে চল্লিশের শেষ দিকে প্রথমবার মা হওয়ার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছিলেন অভিনেত্রী। ২০২৫ সালে উইমেনস হেলথ সাময়িকীকে তিনি জানান, আরও আগে সন্তান নেওয়া সম্ভব হলে হয়তো নিতেন। তবে ৪৭ বছর বয়সে মা হওয়ার সময়টিকে তিনি জীবনের বিশেষ এক অধ্যায় হিসেবে দেখেন।
সোয়াঙ্ক বলেন, ‘আমি সক্রিয়ভাবে ৪৭ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করিনি। তবে জীবনের অনেক কিছু এক জায়গায় এসে মিলেছিল তখন। নানা কারণে সেটিই ছিল সঠিক সময়।’
সন্তানদের বড় করে তোলার অভিজ্ঞতা সম্পর্কেও খোলামেলা কথা বলেছেন তিনি। সোয়াঙ্কের মতে, চল্লিশের শুরুর দিকেও মা হলে তিনি এখনকার মতো ধৈর্যশীল ও বোঝাপড়ায় আগ্রহী অভিভাবক হতে পারতেন না। সন্তানদের চিন্তাভাবনা, তাদের আচরণের পেছনের কারণ এবং তারা কীভাবে পৃথিবীকে দেখে, সেসব বুঝতে এখন তাঁর বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।
‘মিলিয়ন ডলার বেবি’ ও ‘বয়েজ ডোন্ট ক্রাই’ ছবিতে অভিনয়ের জন্য অস্কার জিতেছেন হিলারি সোয়াঙ্ক।
