টফি অ্যাপের মাধ্যমে এমএফএস অথবা ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে পাস কেনা যাবে।
Published : 14 Oct 2026, 10:07 PM
Updated : 14 Oct 2026, 10:07 PM
আট বছর পর বাংলাদেশে ফিরছে দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ; ২০২৬ সালের এই টুর্নামেন্টের সব খেলা সরাসরি সম্প্রচার করবে বাংলালিংকের ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি।
এ লক্ষ্যে ক্রীড়া বিপণন সংস্থা টিএসএ স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তি করেছে টফি। মঙ্গলবার ঢাকায় বাংলালিংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
টুর্নামেন্টের সব খেলা দেখতে ৯৯ টাকার বিশেষ ডিজিটাল পাস চালু করেছে টফি। তবে টুর্নামেন্ট শুরুর আগের দিন পর্যন্ত ‘আর্লি বার্ড’ অফারে পাসটি কেনা যাবে ৪৯ টাকায়।
টফি অ্যাপের মাধ্যমে মোবাইল আর্থিক সেবা (এমএফএস) অথবা ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে পাস কেনা যাবে।
অ্যান্ড্রয়েড ও আইওএস স্মার্টফোনের পাশাপাশি অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজেন ও এলজি ওয়েবওএস প্ল্যাটফর্মে উচ্চ সংজ্ঞার (এইচডি) সম্প্রচার দেখতে পারবেন দর্শকরা।
চুক্তি সই অনুষ্ঠানে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “মর্যাদাপূর্ণ এই ফুটবল টুর্নামেন্ট দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ আয়োজনে জাতীয় দলের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। টফিতে দেশের মানুষ একসঙ্গে খেলা উপভোগ করতে পারবেন।”
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) প্রতিযোগিতা বিভাগের প্রধান সৈয়দ আসিফ হুসাইন, টফির ডেপুটি ডিরেক্টর মোদাসসের আহমেদ এবং টিএসএ স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সজিব রশিদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
