প্রবাসী ভাই-বোনদের পাশে দাঁড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করে এবং রাষ্ট্র এর সুফল ভোগ করে। কিন্তু, বিদেশের মাটিতে নানা হয়রানি, প্রতারণা, আইনি জটিলতা ও অধিকারবঞ্চনার মুখে পড়লে সেই প্রবাসীরাই প্রয়োজনীয় রাষ্ট্রীয় সহায়তা পেতে হিমশিম খান।
নাসীরুদ্দীন পাটওয়ারীর ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টের স্ক্রিনশট
তিনি লেখেন, রেমিট্যান্সের টাকায় রাষ্ট্রের সুবিধা নেবেন, অথচ রেমিট্যান্সযোদ্ধাদের সংকটে পাশে দাঁড়াবেন না—এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এনসিপির এই নেতা বলেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠানোর মেশিন নন; তারা বাংলাদেশের নাগরিক, দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার এবং রাষ্ট্রের মর্যাদার প্রতিনিধিত্বকারী।
প্রবাসীদের সুরক্ষা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, কোনো অনুগ্রহ নয় বলেও মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
