কালবেলা · বিনোদন
সালমান খানের ঘনিষ্ঠজনই কেন বারবার টার্গেটে
১৯/১০/২০২৬

বলিউডে ফের দানা বেঁধেছে আতঙ্ক। এবার আর কোনো হুমকি নয়, সরাসরি সন্ত্রাসী হামলার শিকার হলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। মুম্বাইয়ের জুহু এলাকায় অভিনেতার গাড়ি লক্ষ্য করে ১০ রাউন্ড গুলি ছোড়া হয়। ভাগ্যগুণে বেঁচে যান ‘ভাগি’ তারকা। ব্ল্যাঙ্ক পয়েন্টে থাকলেও আততায়ীর বন্দুক জ্যাম হওয়ায় প্রাণে বাঁচেন তিনি। টাইগারের ওপর আক্রমণের পর দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। এখন সবার কাছে প্রশ্ন, বেছে বেছে বলিউড ভাইজান সালমান খানের ঘনিষ্ঠজনদের ওপর কোন আক্রোশে হামলা চালাচ্ছে গ্যাংটি।
টাইগারের ওপর হামলা চালানোর ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে লরেন্স বিষ্ণোইর নাম। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ ধারণা করছে, এই হামলার নেপথ্যে রয়েছে বিষ্ণোই গ্যাং। বিশেষ করে, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বার্তায় গ্যাংয়ের সঙ্গে যুক্ত একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করায় সেই আশঙ্কা জোরালো হয়েছে।
দায় স্বীকার করে দেওয়া সেই বার্তার কেন্দ্রবিন্দুতে রয়েছে সালমান খানের নাম, যেখানে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, সালমানের ঘনিষ্ঠদেরও রেয়াত করা হবে না। এরই মধ্যে সালমান খানের বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কিন্তু সালমান খানকে ঘিরে কেন এত আক্রোশ বিষ্ণোই গ্যাংয়ের? ১৯৯৮ সালে রাজস্থানে একটি ছবির শুটিং চলাকালীন কৃষ্ণসার হত্যার অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে। বিষ্ণোই সম্প্রদায়ের কাছে এই প্রাণী অত্যন্ত পবিত্র। এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে লরেন্স বিষ্ণোই প্রকাশ্যেই সালমানকে খুনের হুমকি দেন।
কারাবন্দি থাকলেও লরেন্সের সঙ্গে এই বিরোধ ভয়াবহ রূপ ধারণ করেছে। ২০২৪ সালের ১৪ এপ্রিল বান্দ্রায় সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানো হয়। পরবর্তী সময় সে বছরের অক্টোবরের সালমানের ঘনিষ্ঠ বন্ধু তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী এনসিপি নেতা বাবা সিদ্দিকীকে খুন করা হয়। এর মাঝে রোহিত শেঠি ও গোবিন্দর বাড়িতেও হামলা হয়। তাদের সবাই সালমান খানের ঘনিষ্ঠজন।
লরেন্সের গ্যাংয়ের সঙ্গে গোল্ডি ব্রার, অনমোল বিষ্ণোইসহ একাধিক ব্যক্তির নাম বিভিন্ন মামলায় উঠে এসেছে। অভিযোগ, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই চক্রের সদস্যেরা একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে থাকেন।
এসব ঘটনায় মুম্বাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, সালমানকে সরাসরি নাগাল না পাওয়ায় তার ঘনিষ্ঠ বৃত্তকে টার্গেট করছে অপরাধী চক্রটি।
এবার সেই একই ধারাবাহিকতায় নিশানায় এলেন টাইগার শ্রফ। ফুটবল মাঠ থেকে ফেরার পথে তার গাড়িতে হামলার পর বিষ্ণোই গ্যাংয়ের নাম জড়িয়ে যাওয়ায় বলিউডপাড়ায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।
সূত্র: আনন্দবাজার
মূল প্রতিবেদনে যান ↗