টাঙ্গাইলের সখীপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের ইকুরিয়াপাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন সরকার (৩৫) এবং দাড়িপাকা গ্রামের আব্দুর রহমানের ছেলে মজিবর রহমান (৫৫)।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, কিশোরীটি বড়চওনা বাজারে আল আমিন সরকার পরিচালিত একটি একাডেমিতে বাউল গান শিখতে নিয়মিত যাতায়াত করত। এ সময় যাতায়াতের পথে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ পরিবারের।
পরিবারের দাবি, পরে কিশোরীকে ফুসলিয়ে ভালুকার একটি রিসোর্টে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সখীপুর থানায় মামলা করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, ধর্ষণ মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য বা মামলার বিস্তারিত তদন্ত-তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
The post সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ appeared first on ভোরের চেতনা.
