সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম প্রায় ৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। গেল ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেন তারা।
শেহতাজ-প্রীতম যেদিন বিচ্ছেদের ঘোষণা দেন, সেদিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী সাফা কবির। এর ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘জাস্ট চিলিং।’
এরপর নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করতে থাকেন। একজন লেখেন, ‘একদিকে ডিভোর্স হয়, অন্যদিকে চিলিং হচ্ছে।’ আরেকজন লেখেন, ‘সাফা আপু মজা নিচ্ছে। না ঠিকই আছে।’
এমন ইঙ্গিতপূর্ণ অসংখ্য মন্তব্য কমেন্ট সেকশনে জমা হয়।
একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন সাফা কবির। সঞ্চালক জানতে চান, শেহতাজ-প্রীতমের বিচ্ছেদের মাঝে আপনাকে গোলানো হচ্ছে!
এ প্রসঙ্গে সাফা কবির বলেন, ‘‘আমাকে গোলানো হচ্ছে না। বিষয়টি নিয়ে বলছে- ‘শেহতাজ-প্রীতমের ডিভোর্স হচ্ছে, আর সাফা কবির চিল করে বেড়াচ্ছে।’ কিন্তু আমি জানি না, এর মধ্যে আমি কেন আসছি!”
প্রশ্ন ছুড়ে সাফা কবির বলেন, ‘বিষয়টি নিয়ে আমি অনেকক্ষণ ভেবেছি। এই ঘটনার মধ্যে আমাকে কেন টেনে আনা হলো। এই পুরো পরিস্থিতিতে আমার কথা মানুষের কেন মনে পড়ল? এখানে আমি কোথা থেকে আসলাম? আমাকে নিয়ে কেন কথা হবে? কোনো কারণ তো দেখি না। ইটস ফানি!’
শেহতাজ-প্রীতমের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে সাফা কবির বলেন, ‘ওরা দুজনই আমার খুব পছন্দের এবং খুব কাছের। খবরটি প্রথম শোনার পর খুব খারাপ লেগেছে। ওরা হয়তো আলাদা আলাদাভাবে আরো ভালো জীবন পাবে, এমনো হতে পারে- আলাদা হয়েও ওরা ভালো বন্ধু হিসেবে থাকতে পারে। এই বিষয়গুলোকে এতটা জটিল ও টক্সিক না করাই ভালো।’
