ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরির চেষ্টার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ সরকার (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুগঞ্জ সার কারখানা-সংলগ্ন বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন কোম্পানির প্রাঙ্গণ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ফরহাদ সরকার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের মহরম মেম্বারের ছেলে।
আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন জানান, গ্যাস কোম্পানির বৈদ্যুতিক কেবল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। ঘটনাস্থলে মরদেহের পাশে কেবল কাটার প্লাস পাওয়া গেছে।
পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর রাতে বাড়ি থেকে বের হওয়ার পর ফরহাদ আর ফেরেননি। পরদিন তাঁর নিখোঁজের বিষয়ে বাবা মহরম মেম্বার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনিসুর রহমান জানান, ফরহাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদকসংক্রান্ত অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনের বৈদ্যুতিক কেবল চুরির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্ত ও তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
The post আশুগঞ্জে কেবল চুরির চেষ্টার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু appeared first on The voice of Brahmanbaria || Local news means the world is.
