সংবাদ · সাধারণ
হাম উপসর্গে ঝরল আরও ৭ প্রাণ, আক্রান্ত ১১৩৫
২৩/১০/২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা থেকে শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। তবে এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩৫ জন।স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (২৩ অক্টোবর) এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে এক হাজার ১১০ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু এক হাজার ২১৪ জনে পৌঁছেছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১১০ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৫ জনের। মোট ১ হাজার ১৩৫ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৯৪ হাজার ৬৩৩ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে এক লাখ ৮৬ হাজার ৭৯৮ জন হাসপাতাল ছেড়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে দুই লাখ ১৮ হাজার ৮৭০ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ২৭৩ জনের।চলতি বছরের শুরু থেকে দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা মহামারির সময় টিকাদান কর্মসূচি বাধাগ্রস্ত হওয়া এবং পরবর্তীতে কিছু এলাকায় টিকা না নেওয়া শিশুদের মধ্যে সংক্রমণ দ্রুত ছড়িয়েছে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে সচেতনতার অভাব এবং হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় জটিল রোগীদের মৃত্যুঝুঁকি বেড়েছে।হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। এ সময়ে শিশুদের জ্বর, কাশি, চোখ লাল হওয়া বা শরীরে লালচে দাগ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আক্রান্তদের আলাদা রাখা এবং টিকা নেওয়া নিশ্চিত করলেই এই রোগের সংক্রমণ কমানো সম্ভব হবে।
মূল প্রতিবেদনে যান ↗