স্টাফ রিপোর্টার : সিলেটে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মহিসষহ বিপুল চোরাইপণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি। শুক্রবার ভোরে সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির দায়িত্বাধীন সীমান্তবর্তী সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় গুয়াবাড়ি বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কমলাবাড়ি নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪টি ভারতীয় মহিষ জব্দ করে। জব্দকৃত মহিষের আনুমানিক বাজারমুল্য ৫ লক্ষ ৫০ হাজার টাকা।
এছাড়া একই রাতে জেলার কানাইঘাট উপজেলায় সুরাইঘাট ও লোভাছড়া বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৮৩ পিস ভারতীয় নিভিয়া লোশন, ২২৮ পিস সিগারেট, ২০ পিস কম্বল, ১২০ বিড়া খাসিয়া পান জব্দ করে। জব্দকৃত পণ্যের বাজারমূল্য ৪ লক্ষ ৪০০ টাকা।
জব্দকৃত চোরাইপণ্যের আনুমানিক বাজারমূল্য ৯ লক্ষ ৫০ হাজার ৪০০ টাকা।
শুক্রবার (২৩ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সোহেল আলম জানান, সীমান্তে সার্বিক নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব চোরাইপণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের ব্যাপারে আইন ও প্রচলিত বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিন।
