দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সার খাতে সহযোগিতা এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার এবং বিভিন্ন খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, কৃষি, জলবায়ু পরিবর্তন, খেলাধুলা, সংস্কৃতি ও দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়গুলো উঠে আসে।
বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সার খাতে সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন শামা ওবায়েদ। পাশাপাশি বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ও আলজেরিয়াকে যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বৈঠকে আলজেরিয়ায় পরিবেশবান্ধব পচনশীল পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বাড়ানোর বিষয়েও আগ্রহ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। এ ছাড়া খেলাধুলা ও সংস্কৃতির ক্ষেত্রে দুই দেশের অংশীদারত্ব আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
আলজেরিয়ার রাষ্ট্রদূত দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। জ্বালানি, ওষুধশিল্প, জাহাজ নির্মাণ, খেলাধুলা ও সংস্কৃতিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের বিষয়েও আগ্রহ জানান তিনি।
এমএ
