দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৪৯ জন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ হাসপাতালে ভর্তির রেকর্ড।
রবিবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে দুজন করে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগে একজন করে রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন।
এর আগে গত ১১ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২ হাজার ১৯৩ জন, ১২ অক্টোবর ২ হাজার ১৬৭ জন, ২৭ সেপ্টেম্বর ২ হাজার ১৫৮ জন এবং ১৮ অক্টোবর ২ হাজার ৮৮ জন।
এদিকে, চলতি বছরের ৬ ও ১৫ অক্টোবর ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১০ জন করে মারা যান।
