রংপুরের কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘৩য় উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬’। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় কাউনিয়া কলেজ মাঠে উপজেলা স্কাউটসের আয়োজনে এ ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা স্কাউটসের সভাপতি পাপিয়া সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পুরীর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা, স্কাউটস পতাকা ও কাব পতাকা উত্তোলন করা হয়। পরে অতিথিরা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে আসা কাব স্কাউট সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তাঁরা ক্যাম্পুরীতে অংশগ্রহণকারীদের তৈরি বিভিন্ন দৃষ্টিনন্দন তাঁবু ঘুরে দেখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তাহের আলী, জেলা স্কাউটসের উপপরিচালক মো. রাসেল আহমেদ, কমিশনার মো. মাহবুবার রহমান, সম্পাদক মো. আব্দুর রহিম, উপজেলা স্কাউটসের কমিশনার মোছা. শিপুন আখতার ও সম্পাদক মো. ফাকের সরকার।
এ ছাড়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আসফিকা বুলবুল পেস্তাসহ স্কাউটিং কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পুরীতে কাউনিয়া উপজেলার ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩২টি দল অংশ নিচ্ছে। এসব দলের ইউনিট লিডার ও কাব স্কাউট সদস্যরা তিন দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
আয়োজনে শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশ, শারীরিক ও মানসিক বিকাশ এবং চরিত্র গঠনের লক্ষ্যে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম রাখা হয়েছে।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে কাব স্কাউটদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে উঠবে। পাশাপাশি শিশু-কিশোরদের সামাজিক ও নৈতিক মূল্যবোধ বিকাশেও এ ক্যাম্পুরী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিন দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে অংশগ্রহণকারী কাব স্কাউটরা আনন্দের পাশাপাশি বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জন এবং নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
The post কাউনিয়ায় তিন দিনব্যাপী উপজেলা কাব ক্যাম্পুরী শুরু appeared first on ভোরের চেতনা.
