ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৩০৩ জনের মৃত্যু হলো। আর অক্টোবরের প্রথম ১০ দিনে মারা গেছেন ৫৮ জন। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৯৩ জন; যা চলতি বছরের সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ২৭৫ জনে। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা বিভাগে দুজন এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে একজন। তাদের মধ্যে নারী ও পুরুষ দুজন করে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ১৯৩ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ১ হাজার ৩০ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৯৩ জন, খুলনায় ৩০৪, বরিশালে ২৩৬, রাজশাহীতে ১৬০, ময়মনসিংহে ৭০ এবং রংপুরে ৮৪ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৭৯৬ জন। আর গতকাল পর্যন্ত ৯২ হাজার ৪০৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ ছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১৩৩ জন মারা গেছেন। এ ছাড়া উল্লিখিত সময়ে খুলনা বিভাগে ৬৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৩, বরিশাল বিভাগে ২৪, চট্টগ্রাম বিভাগে ২৭, রাজশাহী বিভাগে ২২, রংপুরে ৬ এবং সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।
