বকেয়া বেতন, মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনরত পোশাকশ্রমিকরা অবস্থান ছেড়েছেন। ফলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।
রেজাউল করিম বলেন, আন্দোলনকারীরা আনুমানিক দুপুর ১২টার দিকে সড়ক থেকে সরে গেছেন। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে, ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড থেকে বিএনএস সেন্টার এবং খিলক্ষেত থেকে আজমপুর পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাসাভাড়া, চিকিৎসা ও সন্তানদের পড়াশোনার খরচ বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বাড়ানোর দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছেন।
