Published on
:
2 min read
মঞ্চে গান গাইছেন শিল্পী, সামনে উচ্ছ্বসিত দর্শক। কিন্তু গান শেষ হওয়ার আগেই আচমকা বন্ধ হয়ে গেল মাইক। শুধু গান নয়, দর্শকদের উদ্দেশে ধন্যবাদ জানানোর সুযোগও পেলেন না সঙ্গীতশিল্পী শিল্পা রাও। মুম্বইয়ে বলিউড মিউজিক প্রজেক্টের মঞ্চে এমনই ঘটনায় ক্ষুব্ধ অনুরাগীরা। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা ভাগ করে নিয়েছেন শিল্পা। জানিয়েছেন, সেই রাতের অভিজ্ঞতা তাঁকে গভীর ভাবে নাড়িয়েে দিয়েছে।
২৪ অক্টোবর, শনিবার মুম্বইয়ে আয়োজিত হয়েছিল বলিউড মিউজিক প্রজেক্টের দশম বর্ষপূর্তির অনুষ্ঠান। এই মঞ্চে পারফর্ম করার কথা ছিল একাধিক শিল্পীর। তাঁদের মধ্যে ছিলেন শিল্পা রাও-ও। কিন্তু অনুষ্ঠান নির্ধারিত সময়ের তুলনায় পিছিয়ে পড়ায় তাঁর পারফরম্যান্স মাঝপথেই থামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
সূত্রের খবর, শিল্পা যখন গান গাইছিলেন, তখনই তাঁর মাইক ও সাউন্ড সিস্টেম বন্ধ করে দেওয়া হয়। এরপর দর্শকদের ধন্যবাদ জানিয়ে মঞ্চ ছাড়তে চাইলেও বাধার মুখে পড়েন তিনি। সেই সময় অন্য শিল্পীর পারফরম্যান্স শুরু হয়ে যায়। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় ক্ষোভ ছড়ায় উপস্থিত দর্শকদের মধ্যে। সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকা আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে
ঘটনার পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বার্তা দেন শিল্পা। সেখানে মুম্বইয়ের দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি নিজের খারাপলাগার কথাও তুলে ধরেন তিনি।লশিল্পা লেখেন, 'মুম্বইয়ে সেই রাতে তাঁর হৃদয়ের একটা ছোট্ট অংশ যেন ভেঙে গিয়েছে। সুন্দর একটি মুহূর্ত এ ভাবে কেড়ে নেওয়া হলে যে কষ্ট হয়, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। তবে অনুষ্ঠানের মাঝে গান থেমে গেলেও দর্শকদের ভালোবাসা থামেনি। দর্শকরা যেভাবে আমার নাম ধরে চিৎকার করছিলেন, তাতে আমি আপ্লুত।' সেই রাতের অভিজ্ঞতাকে অসমাপ্ত গল্পের সঙ্গে তুলনা করে ফের মুম্বইয়ে ফিরে আসার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। দর্শকদের উদ্দেশে তাঁর বার্তা, মুম্বইকে তিনি ভালোবাসেন, চিরকাল ভালোবাসবেন।
ঘটনাটি নিয়ে সমালোচনার মুখে পড়ে পরে ক্ষমা চায় বলিউড মিউজিক প্রজেক্টের আয়োজক সংস্থা। তাদের বক্তব্য, একাধিক শিল্পীর অনুষ্ঠান নিয়ে বড় মাপের মিউজিক ফেস্টিভ্যাল আয়োজনের ক্ষেত্রে নানা ধরনের ব্যবস্থাপনাগত সমস্যা দেখা দিতে পারে। আগের পারফরম্যান্সগুলি নির্ধারিত সময়ের চেয়ে দীর্ঘ হওয়ায় পরবর্তী অনুষ্ঠানগুলির সূচিতেও দেরি হয়। আয়োজকদের দাবি, স্থানীয় প্রশাসনের নির্দেশিকা এবং নির্দিষ্ট সময়সীমা মেনে চলার বাধ্যবাধকতার কারণে শিল্পা রাওয়ের অনুষ্ঠান নির্ধারিত সময়ের আগেই শেষ করতে হয়। যদিও তাঁর পারফরম্যান্স সম্পূর্ণ ভাবে দর্শকদের সামনে তুলে ধরতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি। শিল্পা, তাঁর টিম এবং অনুষ্ঠানে উপস্থিত অনুরাগীদের কাছেও ক্ষমা চেয়েছেন আয়োজকেরা।
