মুন্সিগঞ্জের লৌহজংয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় শুটারগান ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। গতকাল সোমবার রাতে উপজেলার মৌছা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
এসআরবি-১০-এর সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি অনাবাদি বালুর মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় শুটারগান ও কার্তুজটি উদ্ধার করা হয়।
এসআরবি-১০-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) লিজা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অবৈধ অস্ত্র, মাদক ও বিস্ফোরক উদ্ধারের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে এসআরবি-১০। রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
