মো. বেল্লাল হাওলাদার:
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) উদ্যোগে ছয়টি প্রতিষ্ঠানকে অ্যাক্রেডিটেশন সনদ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আন্তর্জাতিক মান আইএসও/আইইসি ১৭০২০:২০২৬-এর ট্রানজিশন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১২ অক্টোবর) রাজধানীর শিক্ষা মন্ত্রণালয়ের ৯১ মতিঝিল বা/এ-তে অবস্থিত বিএবি কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএবির মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএবির প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক মো. নাসিরুল ইসলাম এবং কারিগরি সেবা বিভাগের পরিচালক মো. মাহবুবুর রহমান। সেমিনারটি সঞ্চালনা করেন প্রশাসন ও অর্থ বিভাগের উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আলম।
অনুষ্ঠানে সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—এএফবিএল সেন্ট্রাল ল্যাব, জিওটেক্সটাইল টেস্টিং ল্যাবরেটরি (জিআরএল), পিয়ারলেস ক্যালিব্রেশন সার্ভিসেস লিমিটেড এবং ইউরোফিনস কনজিউমার প্রোডাক্ট টেস্টিং (বাংলাদেশ) লিমিটেড। এ ছাড়া আরও দুটি প্রতিষ্ঠানকে সনদ প্রদান করা হয়।
সেমিনারে আন্তর্জাতিক মান আইএসও/আইইসি ১৭০২০:২০২৬-এর নতুন সংস্করণে উত্তরণ, অ্যাক্রেডিটেশন কার্যক্রমের মানোন্নয়ন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। আন্তর্জাতিক মান অনুসরণ করে পরীক্ষণ ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা, কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক মান অনুসরণ ও অ্যাক্রেডিটেশন কার্যক্রমের সম্প্রসারণের মাধ্যমে দেশের পরীক্ষণ ও পরিদর্শন সেবার মান ও গ্রহণযোগ্যতা বাড়ানো সম্ভব। এর ফলে পণ্যের গুণগত মান যাচাই, শিল্প ও বাণিজ্য খাতে আস্থা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পরীক্ষণ ও পরিদর্শনসেবার সক্ষমতা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।
