টাঙ্গাইলের সখীপুর উপজেলার আন্দি বাজারে ‘নাইম রূপা ফিড মিলে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১টার দিকে জুমার নামাজ চলাকালে এ আগুনের সূত্রপাত হয়। এতে মিলের ভুট্টা, কুঁড়া, ভুসিসহ বিভিন্ন মালামাল ও যন্ত্রপাতি পুড়ে গেছে।
মিলের মালিক হাসমত আলী জানান, প্রায় ২০ বছর ধরে তিনি এ মিল পরিচালনা করে আসছেন। অগ্নিকাণ্ডের সময় তিনি মসজিদে জুমার নামাজ আদায় করছিলেন। এ সময় স্থানীয় এক ব্যক্তি মুঠোফোনে তাঁকে আগুন লাগার খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে তিনি মিলে আগুন জ্বলতে দেখেন।
পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা মিলের টিনের বেড়া ভেঙে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। মিল মালিকের ধারণা, বৈদ্যুতিক মোটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তাঁর দাবি, অগ্নিকাণ্ডে মিলের মালামাল ও যন্ত্রপাতি পুড়ে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে সখীপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার তামিম হোসেন ক্ষয়ক্ষতির বিষয়ে ভিন্ন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, আগুনে প্রায় ১ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে মিল থেকে প্রায় ৩ লাখ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
The post সখীপুরে জুমার নামাজের সময় ফিড মিলে আগুন appeared first on ভোরের চেতনা.
