খুলনায় একই দিনে পৃথক ঘটনায় গুলিতে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে এক যুবককে গুলি করে হত্যার পর সন্ধ্যায় খুশি (২৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর লবণচরা থানার জিন্নাপাড়া সাত নম্বর গলিতে এ ঘটনা ঘটে। নিহত খুশি ওই এলাকার সুমন সরদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকসংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে খুশি ও তাঁর স্বামীর দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে আসা দুই যুবকের একজন খুশিকে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, নিহতের স্বামী সুমন সরদার এলাকায় ‘ব্লেড বাবু’ নামে পরিচিত। তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদকসংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তবে হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর সদর থানার পূর্ব বানিয়াখামার আনসার আলী গলির সামনে তুষার (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, নিহত তুষারের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা রয়েছে।
