Published on
:
1 min read
এই সময়, আলিপুরদুয়ার: শুরুতেই তাল কাটল। আলিপুরদুয়ারে প্রস্তাবিত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কাজ শুরুর আগেই বাধা দিলেন মাঝেরডাবরি চা-বাগানের শ্রমিকরা। তাঁদের দাবি, বাগানের জমি নষ্ট করে কোনওরকম নির্মাণকাজ চলবে না।
বুধবার সকালে জেলা প্রশাসনের কর্তারা চা-বাগানের ওই জমি জরিপের কাজে আসেন। তখনই বাধা দেন শ্রমিকরা। এরপরে তাঁরা বাগানের ফ্যাক্টরির সামনে জমায়েত শুরু করেন।
খবর পেয়ে সেখানে আসেন বাগানের জেনারেল ম্যানেজার চিন্ময় ধর। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান শ্রমিকরা। তাঁরা ম্যানেজারকে স্পষ্ট জানিয়ে দেন, চা-বাগানের ওই পতিত জমিতে চা-গাছই লাগাতে হবে। এরপরে শ্রমিকরা জেলাশাসক ময়ূরী ভাসুকে বিষয়টি লিখিত আকারে জানানোর দাবি তোলেন।
এমনকী, ম্যানেজারকেও প্রতিনিধি দলে থাকতে হবে বলে দাবি করা হয়। কার্যত চাপে পড়ে নিজের গাড়িতে শ্রমিক প্রতিনিধিদের চাপিয়ে প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় যেতে বাধ্য হন চিন্ময়। সেখানে জেলাশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন শ্রমিকরা। বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি জেলাশাসক। একাধিকবার ফোন করা হলেও সাড়া দেননি আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক পরিতোষ দাস।
শ্রমিকদের আশঙ্কা, এই বাগানের পরিণতিও একদিন শিলিগুড়ির চাঁদমনি চা-বাগানের মতো হয়ে যেতে পারে। বাগানের এক শ্রমিক রোমিতা লাকড়া বলেন, 'এটা আমাদের পেটে লাথি মারার চক্রান্ত।' চিন্ময়ের বক্তব্য, 'বাগানের জমি তো এখনও হস্তান্তর করা হয়নি। শ্রমিকরা যদি না চান তবে বাগানের জমিতে মেডিক্যাল কলেজ হবে না।'