সিলেট ভয়েস ডেস্ক · ২৫ অক্টোবর, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ন
সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের ঘটনায় বিস্তারিত তথ্য, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নেওয়া পদক্ষেপ এবং সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানতে চেয়েছে জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে এসব বিষয়ে কমিটিকে অবহিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে। পাশাপাশি সৌদি আরবে বাংলাদেশ মিশনগুলোর সেবার মান উন্নয়নে মন্ত্রণালয়ের আধুনিকায়ন পরিকল্পনা কমিটির কাছে বিস্তারিতভাবে উপস্থাপনের সুপারিশ করা হয়।
রোববার জাতীয় সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে জানায়, দুই বাংলাদেশির শিরশ্ছেদের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিশেষ আমন্ত্রণে অংশ নেন।
বৈঠকে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর কার্যক্রম ও জনবল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের বর্তমান অবস্থা, মিশনগুলোর প্রধান কার্যক্রম, প্রাতিষ্ঠানিক সহযোগিতা, দ্বিপক্ষীয় বাণিজ্য, কর্মসংস্থান ও রেমিট্যান্স এবং সৌদি আরবের শ্রমবাজারের প্রধান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে একটি উপস্থাপনা দেয়।
এ ছাড়া রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রমকল্যাণ সেবা এবং হজ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত নারী শ্রমিকদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও পররাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।
বৈঠকের শুরুতে কমিটির দ্বিতীয় বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং আগের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
১৫৩তম আন্তঃসংসদীয় ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ এবং কমিটির সভাপতি আইপিইউর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়। সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সহযোগিতার জন্যও মন্ত্রণালয়কে ধন্যবাদ জানায় কমিটি।
বৈঠকে কমিটির সদস্য এ বি এম মোশাররফ হোসেন, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী ও সানজিদা ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া পররাষ্ট্র সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
গুগলে আমাদের খবর পেতে
