সম্প্রতি সলমন খান 'বিগ বস ২০' -এর উইকেন্ড কা ভার এপিসোডে ট্রোলারদের ব্যঙ্গ করেন। কোনও অভিনেতার ছবি বক্স অফিসে ফ্লপ করলেই তাঁদের উদ্দেশ্যে যে ধরনের মন্তব্য করা হয় সেটার বিরোধিতা করেন। তিনি এদিন এও দাবি করেন কিছু অভিনেতা নাকি টাকা দিয়ে নেগেটিভ পাবলিসিটি করান। এবার এই বিষয়ে সলমনের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করে বসলেন গায়ক পলাশ সেন। তাঁর কথায়, ভাইজান নিজেও এই একই সমস্যার অঙ্গ।
সলমন এই অর্থের বিনিময়ে নেগেটিভ পাবলিসিটির প্রসঙ্গ তুলতেই পলাশ সেন সম্প্রতি বলেন, "যাঁরা এগুলো শুরু করেছেন, উনি তাঁদের অন্যতম। সেটা ভুললে চলবে না। সমস্যাটা নিচে যাঁরা থাকেন তাঁদের থেকে শুরু হয় না। উপর থেকেই শুরু হয়। আমি কারও দিকে আঙুল তুলছি না। কিন্তু আপনি যদি হাতে তরোয়াল নিয়ে চলেন, সেই তরোয়ালেই আপনার মৃত্যু হবে। যাঁরা বহু বহু বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে নিজেদের জায়গা ধরে রেখেছেন, তাঁরা অবশ্যই পিআরকে কাজে লাগিয়েছেন, আর এটা সবারই জানা।"
সলমনের নাম না করে তিনি এদিন আরও বলেন, "একদিন হঠাৎ করে আপনি এসব বলে সাধু হয়ে যেতে পারেন না। যদিও উনি যেটা বলেছেন, তাতে সাহসিকতার পরিচয় দিয়েছেন। কিন্তু আমি বলছি, উনিও এই একই সমস্যার অংশ ছিলেন, এটা সকলেই আমরা জানি। এমনকী উনি ওঁর শোতে ('বিগ বস' -এ) যা করেছেন, আমরা কেউ জানি না সেটা অরগ্যানিক নাকি স্ক্রিপ্টেড।"
প্রসঙ্গত, পলাশ সেন ১৯৯৮ সালে তাঁর ব্যান্ড ইউফোরিয়া তৈরি করেন। এরপর তিনি একাধিক ছবির গানও গেয়েছেন।
https://youtu.be/dIQLVUVk9jc?si=zUJY-7nLW-HqXNX_
