আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের সামগ্রিক পরিস্থিতিতে জনগণ নিজেদের অসহায় বোধ করছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত পথসভায় তিনি একথা বলেন। ৩০ অক্টোবরের গণবিক্ষোভ কর্মসূচি সফল করার লক্ষ্যে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ কর্মসূচির আয়োজন করে।
পথসভায় নাহিদ ইসলাম বলেন, একদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, সন্ত্রাস ও মাদক কারবারিদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অন্যদিকে সাধারণ মানুষ ও বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চলছে। সাংবাদিকরাও দমন-পীড়নের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন
নাহিদ ইসলাম বলেন, নেত্রকোনায় প্রকাশ্যে এক সাংবাদিককে গুলি করা হয়েছে। কক্সবাজার এলাকায় ৬০টি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এমন পর্যায়ে পৌঁছেছে যে তা মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এলপিজি গ্যাসের দাম নির্বাচনের পরও ১ হাজার ২০০ টাকা ছিল উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে সরকারি হিসাব অনুযায়ী এর দাম ১ হাজার ৮০০ টাকা। আর বেসরকারিভাবে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
আরও পড়ুন
দেশের সামগ্রিক পরিস্থিতিতে জনগণ অসহায় বোধ করছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা বলতে চাই, এনসিপি আপনাদের সঙ্গে আছে। সার্বিক ব্যর্থতার দায় নিয়ে জ্বালানিমন্ত্রীসহ সংশ্লিষ্টদের অবিলম্বে পদত্যাগ করতে হবে বলেও দাবি জানান তিনি।
সংবিধান সংশোধন কমিটি নিয়েও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি করা হয়েছে জনগণের সঙ্গে প্রহসন করার জন্য। এ কমিটি অবিলম্বে বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, তারা স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এ জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দলীয়করণ বন্ধ করতে হবে। সাইবার আইন সংশোধনের উদ্যোগেরও বিরোধিতা করেন তিনি। তার ভাষ্য, প্রস্তাবিত সংশোধনী সংসদে পাস হতে দেওয়া হবে না।
কর্মসূচিতে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলটির মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণের মেয়রপ্রার্থী নাসিরুদ্দীন পাটওয়ারীসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
রাজু/এএফ
