রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির উল্টো দিকের ফুটপাতসংলগ্ন দেয়ালে গুণী ব্যক্তিদের প্রতিকৃতি আঁকা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সৌন্দর্যবর্ধন প্রকল্পের অংশ হিসেবে এটি করা হয়।
সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ফকির লালন শাহ, শিল্পাচার্য জয়নুল আবেদিন, চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ও অভিনেতা হুমায়ুন ফরীদিকে-সহ ১০ জন গুণী ব্যক্তির প্রতিকৃতি স্থান পেয়েছেন সেই তালিকায় ছিলেন সঞ্জীব চৌধুরীও।
তবে হঠাৎ করে তালিকা থেকে বাদ পড়েছেন সাংবাদিক, কবি, গীতিকার ও কণ্ঠশিল্পী সঞ্জীব চৌধুরী। তার ছবি মুছে ফেলা হয়েছে। নতুন করে সেখানে যুক্ত হয়েছে বেগম রোকেয়া, কবি জীবনানন্দ দাশ ও জসীমউদ্দীনের প্রতিকৃতি।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। সঞ্জীব চৌধুরীকে নিয়ে ফেসবুকে আবেগঘন কথা লিখেছেন অনেকে। তাদের মধ্যে আছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদারও। বুধবার (১৪ অক্টোবর) নিজের ফেসবুকে সঞ্জীব চৌধুরীকে স্মরণ করে বাপ্পা লেখেন, ‘সঞ্জীব দা....আপনি মানুষের হৃদয়ে .... ওটাই সব চেয়ে বড় স্থান ...।’
এ বিষয়ে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার জানান, প্রথমে কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হলেও পরে অন্যদের বাদ পড়া নিয়ে প্রশ্ন ওঠে। সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি আঁকা হলে আজম খান ও আইয়ুব বাচ্চুর মতো শিল্পীদের ছবি কেন থাকবে না, এমন প্রশ্নও সামনে আসে।
তিনি জানান, সঞ্জীব চৌধুরী, আইয়ুব বাচ্চু, আজম খানসহ নতুন প্রজন্মের কাছে পরিচিত শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতিকৃতি অন্য কোনো জায়গায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে ডিএসসিসির। প্রতিকৃতি নির্বাচনের বিষয়ে এই কর্মকর্তা বলেন, এটি কারও একক সিদ্ধান্ত নয়।
বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কয়েকজন কর্মকর্তা আলোচনা করে সাংস্কৃতিক অবদান বিবেচনায় নিয়ে প্রতিকৃতি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। শিল্পকলা একাডেমিসংলগ্ন এলাকা হওয়ায় সেখানে সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখা ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হয়েছে।
সবাইকে একই জায়গায় স্থান দেওয়া সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ‘যেকোনো উদ্যোগের সবকিছু সবার পছন্দ হবে না।’ তবে অধিকাংশ মানুষ ইতিবাচকভাবে দেখলে কাজটি এগিয়ে নেওয়ার উৎসাহ পাওয়া যায় বলেও জানান তিনি।
গত ৫ অক্টোবর ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম শিল্পকলা একাডেমিসংলগ্ন ফুটপাতের দেয়ালে সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন। এর পাঁচ দিনের মাথায়, গত ১০ অক্টোবর দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি বিকৃত ও নষ্ট করার চেষ্টার ঘটনায় এক নারীসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ।
ডিসি/আপ্র/১৫/১০/২০২৬
