পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো মনে করেন, ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় তিনি। একই সঙ্গে নিজের গোল করার অসাধারণ রেকর্ডও যথাযথ স্বীকৃতি পাচ্ছে না বলে আক্ষেপ করেছেন আল নাসরের এই তারকা।
সিএনএন পর্তুগালকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আমি যে মানের পারফরম্যান্স করি এবং যে গোলগুলো করি, মানুষ সেগুলোকে প্রাপ্য স্বীকৃতি দেয় না।’ তার এই সাক্ষাৎকারের কিছু অংশ প্রকাশ করেছে দ্য অ্যাথলেটিক।
ক্লাব ও পর্তুগাল জাতীয় দলের হয়ে পেশাদার ক্যারিয়ারে ১ হাজার ৩৩৭ ম্যাচে রোনালদোর গোলসংখ্যা ৯৮০। ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করার লক্ষ্য নিয়ে প্রশ্ন করা হলে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের অবস্থান তুলে ধরেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
রোনালদো বলেন, ‘আমি যদি ৯২০, ৯২৫ কিংবা ৯৩০ গোলও করি, তবু ইতিহাসের সেরা খেলোয়াড় আমি। ব্যস, কথা শেষ।’ তবে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে পারলে সেটি হবে অসাধারণ অর্জন, স্বীকার করেছেন পর্তুগিজ মহাতারকা। তার ভাষায়, ‘পরিসংখ্যানই সব বলে দেয়। আমি যদি ১ হাজার গোলের সেই সংখ্যায় পৌঁছাতে পারি, সেটা হবে অসাধারণ কিছু। এটি এমন একটি লক্ষ্য, যেটি অর্জনের জন্য আমি কাজ করছি। তবে দীর্ঘমেয়াদে কী হবে, তা নিয়ে আমি ভাবি না।’
ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও নিশ্চিত করে কিছু বলতে চাননি ৪১ বছর বয়সি রোনালদো। ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত কখন আসতে পারে, সেটি সময়ের ওপরই ছেড়ে দিয়েছেন তিনি।
রোনালদোর কথায়, ‘আগামীকাল কী হবে, তা-ও আমি জানি না। হয়তো একদিন ঘুম থেকে উঠে দেখব, আমার আর অনুপ্রেরণা নেই, আর খেলতে ইচ্ছা করছে না। সত্যি বলতে, কী ঘটতে পারে, তা আমি জানি না।’
১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের দিকে এগিয়ে চলা রোনালদোর সামনে এখন বড় প্রশ্নÑ কত দ্রুত সেই লক্ষ্যে পৌঁছাতে পারেন তিনি এবং কত দিন চালিয়ে যাবেন নিজের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার।
