কালবেলা · আন্তর্জাতিক
ইরানে হামলার পরিকল্পনা প্রস্তুত, ট্রাম্পের অনুমতির অপেক্ষা
২৫/১০/২০২৬

ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আবারও পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ওয়াশিংটনভিত্তিক সংবাদমাধ্যম দ্য হিলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানে নতুন হামলা চালানোর পরিকল্পনা প্রস্তুত রেখেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের জন্যও একাধিক সামরিক বিকল্প তৈরি করা হয়েছে। এখন শুধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের অপেক্ষা।
এর আগে অ্যাক্সিওস ও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনেও নতুন হামলার প্রস্তুতির কথা উঠে আসে। তবে হামলার চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (২৪ অক্টোবর) বলেছেন, ইরানে হামলা ‘আগামীকালও’ হতে পারে। একই সঙ্গে তেহরানের সঙ্গে বড় ধরনের চুক্তির সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়েছিল।
অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন, ওয়াশিংটন আলোচনা ভেস্তে দিয়েছে। তবে চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথাও বলেছেন তিনি। তেহরান সতর্ক করেছে, নতুন হামলা হলে তার জবাব আরও বিস্তৃত হতে পারে।
এদিকে, মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরী, প্রায় ১০ হাজার অতিরিক্ত সেনা এবং মেরিন বাহিনীর একটি ইউনিট মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সেনাবাহিনীও দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসের আকাশে যুক্তরাষ্ট্রের তৈরি একটি লুকাস ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।
চ্যাথাম হাউসের সহযোগী ফেলো জুলি নরম্যানের মতে, দুই পক্ষই নতুন সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। এতে ভুল হিসাব-নিকাশ থেকে দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।
বিশ্লেষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে হামলা চালালে পরিস্থিতি আগের চেয়েও ভয়াবহ হতে পারে। তবে সামরিক চাপ ইরানকে আলোচনার টেবিলে আনতে কতটা কার্যকর হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
সূত্র: আল জাজিরা
মূল প্রতিবেদনে যান ↗