ডোপ টেস্ট ও আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে ডোপ টেস্ট ও আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১২ অক্টোবর) রাত ১টা ২৫ মিনিটের দিকে খোকসা থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—খোকসা উপজেলার জানিপুর গ্রামের মো. মুন্নাফ বিশ্বাসের ছেলে মো. নাজমুল হোসেন (৪২) এবং কমলাপুর গ্রামের মো. রাশেদ হোসেনের ছেলে তামিম হোসেন (২২), মো. সোহেল রানার ছেলে ছাব্বির রহমান (১৯) ও বাবুল বিশ্বাসের ছেলে শ্রী দিপংকর বিশ্বাস (১৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁদের ডোপ টেস্ট করা হয়। পরবর্তী সময়ে কুষ্টিয়ার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
খোকসা থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত রয়েছে।
