নিজস্ব প্রতিবেদক · ১২ অক্টোবর, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে এক কিশোরীকে ধর্ষণের মামলায় আবদুল্লাহ মিয়া নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ২০২২ সালে করা এ মামলায় প্রায় চার বছর পর রায় ঘোষণা করা হলো। মামলায় আবদুল্লাহ মিয়াই ছিলেন একমাত্র আসামি।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মোশতাক আহমদ।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল্লাহ মিয়া গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বগাইয়া গ্রামের বাসিন্দা।
মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালে বগাইয়া গ্রামের এক কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের অভিযোগ ওঠে আবদুল্লাহ মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মামলা করা হয়। মামলায় তাঁকেই একমাত্র আসমি করা হয়।
পরে মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে সোমবার আদালত রায় ঘোষণা করেন। রায়ে আবদুল্লাহ মিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
গুগলে আমাদের খবর পেতে
