জ্যেষ্ঠ প্রতিবেদক
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে।
বাজুস জানায়, সোমবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও স্থানীয় বাজারের বিভিন্ন বিষয় পর্যালোচনা করে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এর আগে এই মানের সোনার দাম ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম কমেছে ২ হাজার ১৫৮ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।
সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৯১ টাকা। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৩১৬ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৭৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, সোমবার সকাল ১০টা থেকে দেশের বাজারে এসব দামে সোনা ও রুপার অলংকার বিক্রি হবে।
