সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত ১৫
স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৫:০৪ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার সকালে উপজেলার বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন সৌরভ (৩২) ও আসিফ (১৮)। সৌরভ দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার কাজীপাড়া গ্রামের আবু বকরের ছেলে। আসিফ রংপুর সদর উপজেলার হরকলি চৌপাড়া গ্রামের মোমিনুল ইসলামের ছেলে।
দুর্ঘটনায় আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, শুক্রবার রাতে রংপুর থেকে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেটের উদ্দেশে ছেড়ে যায়। শনিবার সকালে বাসটি সরাইল উপজেলার বেড়তলা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কে উল্টে যায়।
পরে পুলিশ ও স্থানীয় লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসিফ ও সৌরভের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
