লাল পেড়ে সাদা শাড়ি, হাতে চুড়ি আর গলায় হালকা গয়না—সাদামাটা সাজেই ভক্তদের নজর কেড়েছেন ঢালিউড অভিনেত্রী পূজা চেরী। শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে তাঁর সাজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।
সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি প্রকাশ করেন পূজা। ছবিগুলোতে তাঁকে পূজামণ্ডপের পাশাপাশি একটি পুকুরের সামনেও দেখা গেছে। ঐতিহ্যবাহী পোশাকে তাঁর উপস্থিতি ভক্তদের মধ্যে মুগ্ধতা ছড়িয়েছে।
ছবির ক্যাপশনে মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে পূজা লিখেছেন, ‘আজ অষ্টমীর পবিত্র প্রভাতে মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা সকল দুঃখের অবসান হোক, সকল অন্ধকার আলোয় মুছে যাক, আর প্রতিটি হৃদয়ে জেগে উঠুক নতুন আশার দীপশিখা।’
সবার মঙ্গল কামনা করে তিনি আরও লিখেছেন, মায়ের চরণে অর্পিত হোক একমুঠো ফুল, একরাশ বিশ্বাস আর পৃথিবীর সকলের মঙ্গলকামনা। পাশাপাশি সবাইকে জানিয়েছেন শুভ মহাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা।
পূজার ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসা দেখা যায়। একজন লিখেছেন, ‘সুন্দরতম মানবী, ভালোবাসি তোমাকে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনাকে একবার সরাসরি দর্শন করার ইচ্ছে আছে।’ তবে বিশেষভাবে নজর কেড়েছে এক ভক্তের মন্তব্য, ‘এক দুর্গার সামনে আরেক দুর্গা।’
দুর্গাপূজার প্রথম দিন থেকেই উৎসবে মেতে রয়েছেন পূজা চেরী। বিভিন্ন পূজামণ্ডপে ঘুরে বেড়ানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন উৎসবের মুহূর্তগুলো। সপ্তমীতে বনানীর একটি আলোচিত পূজামণ্ডপেও গিয়েছিলেন তিনি।
‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে দর্শকমহলে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীকে সাম্প্রতিক সময়ে বড়পর্দায় তুলনামূলক কম দেখা যাচ্ছে। সর্বশেষ কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘মাসুদ রানা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। সৈকত নাসির পরিচালিত সিনেমাটির শুটিং অবশ্য হয়েছিল আরও আগে।
নতুন সিনেমায় তাঁর যুক্ত হওয়ার বিষয়ে এখনো কোনো খবর না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত উপস্থিতি ও উৎসবের সাজ নিয়ে প্রায়ই আলোচনায় আসছেন পূজা চেরী।
