ছবি: সংগৃহীত
-->বিশ্বকাপের সময় বার্সেলোনায় খেলার স্বপ্নপূরণের ইচ্ছার কথা জানিয়েছিলেন জুলিয়ান আলভারেজ। আতলেতিকো মাদ্রিদের সমর্থকদের মনে ক্ষোভ জমেছিল। এরপর তাকে ঘিরে শুরু হয় দলবদলের জল্পনা, যা কয়েক মাস ধরে চলেছিল। এবার সেই মন্তব্যের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
গতকাল (২৪ অক্টোবর) দেপোর্তিভো লা করুনার বিপক্ষে আতলেতিকোর জয়ের একমাত্র গোলটি করেন আলভারেজ। ম্যাচের পর সমর্থকদের হতাশা ও ক্ষোভের বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। জানান, বিশ্বকাপের সময় তার দেওয়া বক্তব্যের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাইতে চান।
স্প্যানিশ সম্প্রচারমাধ্যম মুভিস্টার প্লাসকে আলভারেজ বলেন, ‘বিশ্বকাপের সময় আমি যা বলেছিলাম, সে জন্য আমাদের সমর্থকদের কাছে ক্ষমা চাইতে চাই। কথাগুলো যেভাবে বলেছিলাম এবং যে সময়ে বলেছিলাম, সেটি ভুল ছিল।’
আরও পড়ুন
তিনি আরও বলেন, ‘সমর্থকেরা কেন ক্ষুব্ধ, তা আমি বুঝতে পারছি। আমি যদি একজন সমর্থক হতাম, তাহলে আমারও রাগ হতো। বিশেষ করে, আমি এখানে আসার পর থেকে তারা যেভাবে আমাকে সমর্থন দিয়ে আসছেন, সেটি বিবেচনায় নিলে।’
গ্রীষ্মকালীন বিশ্বকাপ চলাকালে আলভারেজ বলেছিলেন, বার্সার হয়ে খেলার স্বপ্ন পূরণ করতে চান তিনি। তার এই মন্তব্যের পরই দলবদল নিয়ে নানা আলোচনা শুরু হয়। কয়েক মাস ধরে চলে এই জল্পনা-কল্পনা। ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডকে মৌসুমের শুরুতে নিজেদের সমর্থকদের কাছ থেকেই দুয়ো শুনতে হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হয়েছে।
আরও পড়ুন
আলভারেজ আশা করছেন, কঠোর পরিশ্রম ও বিনয়ের মাধ্যমে সমর্থকদের সঙ্গে সম্পর্কের এই টানাপোড়েন কাটিয়ে উঠতে পারবেন। তিনি বলেন, ‘আমি আশা করি, কঠোর পরিশ্রম ও বিনয়ের মাধ্যমে এই পরিস্থিতি বদলে দিতে পারব।’
নিজের শারীরিক অবস্থা ও মাঠের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন আলভারেজ। তার ভাষায়, ‘সাম্প্রতিক ম্যাচগুলোতে আমি নিজেকে আরও ভালো অনুভব করছি—শারীরিকভাবে এবং বল পায়েও। আমি দলকে সাহায্য করতে চাই এবং নিজের সেরাটা দিতে চাই।’
অনিক/
