হবিগঞ্জের লাখাইয়ে শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা
কার্তিকের হিমেল বাতাসে হবিগঞ্জের লাখাই উপজেলায় বইতে শুরু করেছে শীতের আমেজ। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে শীতের প্রস্তুতি নিতে শুরু করেছেন স্থানীয়রা। এর ফলে উপজেলার বামৈ, কালাউক, বুল্লা, মোড়াকরি ও লাখাই বাজারের লেপ-তোষকের দোকানগুলোতে কারিগরদের দম ফেলার ফুরসত নেই। দিনরাত কাজ করে নতুন লেপ-তোষক তৈরি ও পুরোনো তুলা দিয়ে তা সংস্কারের কাজ করছেন তারা।
স্থানীয় দোকানদার ও কারিগরদের সঙ্গে কথা বলে জানা যায়, কার্তিক মাসের শুরু থেকেই ক্রেতারা দোকানে আসতে শুরু করেছেন। কেউ নতুন তুলা দিয়ে লেপ-তোষক তৈরি করছেন, আবার কেউ পুরোনো লেপ খুলে রোদে শুকিয়ে নতুন কাপড় ও কিছু নতুন তুলা দিয়ে মেরামত করিয়ে নিচ্ছেন। শীত পুরোপুরি জেঁকে বসার আগেই আগেভাগে কাজ সেরে রাখতে চান ক্রেতারা, যাতে পরবর্তীতে অতিরিক্ত ভিড়ের মুখে পড়তে না হয়।
তবে এ বছর লেপ-তোষক তৈরির খরচ কিছুটা বেড়েছে। বাজারে তুলা ও কাপড়ের দাম বাড়ার প্রভাব পড়েছে এই পণ্যের ওপর। বর্তমানে বাজারে মানভেদে প্রতি কেজি শিমুল তুলা ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং মাইক্রো ফাইবার তুলা ৩৫০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি থান কাপড়ের দামও কিছুটা বেশি। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির কারণে গত বছরের তুলনায় এ বছর কিছুটা বেশি খরচ পড়ছে।
ব্যবসায়ী ও কারিগররা জানান, বর্তমানে কাজের যে চাপ শুরু হয়েছে, শীত বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বহুগুণ বেড়ে যাবে। কার্তিক ও অগ্রহায়ণ—এই দুই মাস তাদের বছরের সবচেয়ে ব্যস্ত সময় কাটে। সব মিলিয়ে শীতের এই মৌসুমে ভালো ব্যবসার আশা দেখছেন লাখাইয়ের লেপ-তোষক ব্যবসায়ীরা।
The post হবিগঞ্জের লাখাইয়ে শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা appeared first on Rising Cumilla.
