টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসের সুপারভাইজারসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। সোমবার রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, জামালপুরের বকশীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা যমুনা এন্টারপ্রাইজের একটি বাস পৌলি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের একটি দেয়ালে ধাক্কা দেয়। এতে বাসের সুপারভাইজার ও অজ্ঞাতপরিচয় এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন অন্তত তিনজন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে।
মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে থানার ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএ
