বাংলাদেশের চলচ্চিত্রের শুরুর দিকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পারিবারিক সূত্রে তাঁর মৃত্যুর খবর জানা গেছে।
নাসিমা খান ষাটের দশকে বাংলা ও উর্দু চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন। ১৯৪৪ সালের ৬ আগস্ট পুরান ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন তিনি। বাংলাদেশের চলচ্চিত্রের প্রাথমিক বিকাশপর্বে যেসব অভিনেত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাঁদের মধ্যে তিনি অন্যতম।
তাঁর পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল গ্রামের উকিলবাড়ি। তাঁর বাবা মোহাম্মদ মাসুদ খান। দাদা খান বাহাদুর আবদুল জলিল ব্রিটিশ ভারতের ঢাকার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। ১৯৪০-এর দশকে তাঁর পরিবার লালবাগে বাড়ি নির্মাণ করে সেখানে বসবাস শুরু করে।
অভিনেতা আনিসের পরামর্শেই নাসিমা খানের চলচ্চিত্রে আসার পথ তৈরি হয়। আনিসের সঙ্গে তাঁর বাবার সুসম্পর্ক ছিল। একপর্যায়ে আনিসই নাসিমার বাবাকে মেয়েকে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার পরামর্শ দেন।
১৯৫৯ সালে এ জে কারদার পরিচালিত ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় নাসিমা খানের। ঢাকার চলচ্চিত্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ এই সিনেমায় তিনি সহনায়িকাদের একজন ছিলেন। ছবিটি আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃতি অর্জন করে।
একই বছর বেবী ইসলাম পরিচালিত উর্দু চলচ্চিত্র ‘তানহা’য় অভিনয় করেন তিনি। ছবিটিতে তাঁর সহশিল্পী ছিলেন শবনম, সুমিতা দেবী ও শামীম আরা।
১৯৬১ সালে মুক্তিপ্রাপ্ত ‘যে নদী মরু পথে’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন নাসিমা খান। এতে তাঁর বিপরীতে অভিনয় করেন আনিস। এরপর একের পর এক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান সুদৃঢ় করেন তিনি।
তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘সূর্যস্নান’, ‘ধারাপাত’, ‘কার বউ’, ‘উজালা’, ‘বেগানা’, ‘আপন দুলাল’, ‘উলঝন’, ‘ম্যায় ভি ইনসান হুঁ’, ‘দুই ভাই’, ‘গৌরী’, ‘আমার বৌ’ ও ‘ঢেউয়ের পরে ঢেউ’। এসব ছবিতে তিনি আনোয়ার হোসেন, হাসান ইমাম, রহমান, মুস্তফা, আজিম ও হারুনের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন।
‘আসবন গ্যায়ে মতি’ চলচ্চিত্রেও অভিনয় করে পরিচিতি পান নাসিমা খান। বাংলা ও উর্দু—দুই ভাষার চলচ্চিত্রেই তাঁর বিচরণ ছিল। পরবর্তী সময়ে চলচ্চিত্রের পাশাপাশি নাটকেও অভিনয় করেছেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে নাসিমা খান বাংলাদেশের চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ সময়ের সাক্ষী হয়ে ছিলেন। তাঁর মৃত্যুতে দেশের চলচ্চিত্রাঙ্গনে এক প্রবীণ অভিনয়শিল্পীর বিদায় ঘটল।
The post ‘যে নদী মরু পথে’র নায়িকা নাসিমা খান মারা গেছেন appeared first on ভোরের চেতনা.
