হাউথি ও সৌদি আরবের সংঘাতের জেরে এবার তালা পড়ল আকাশপথে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে সৌদির রাজধানী রিয়াদ-সহ চার বিমানবন্দরে উড়ান পরিষেবা বাতিল করল ইন্ডিগো। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত রিয়াদের কিং ফাহদ বিমানবন্দরে ইন্ডিগোর কোনও বিমান অবতরণ করবে না। পাশাপাশি সৌদির বাকি ৩ শহর জেড্ডা, দামাম ও মদিনাতেও আগামী ২৭ অক্টোবর পর্যন্ত সমস্ত বিমান পরিষেবা বাতিল করা হয়েছে।
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথির সঙ্গে ভয়ংকর যুদ্ধে মেতেছে সৌদি আরব। দেশটির সামরিক অর্থনৈতিক অঞ্চলগুলিকে নিশানা করে লাগাতার হামলা চালানো হচ্ছে। হামলার নিশানায় রয়েছে বিমানবন্দরগুলিও। গত ১০ অক্টোবর রিয়াদের বিমানবন্দরে ভয়ংকর হামলার জেরে মৃত্যু হয়েছে ১২ জনের। রেহাই পায়নি দামাম বিমানবন্দর। গত বৃহস্পতিবার ফের রিয়াদে হামলার ঘটনা ঘটেছে। যার জেরে ভারতীয়-সহ ২ জনের মৃত্যু হয়। জখম হন আরও অনেকে। এই তালিকায় রয়েছেন, ভারতীয়, বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিক। পর পর হামলার জেরেই এবার পদক্ষেপ করল ভারতীয় উড়ান সংস্থা ইন্ডিগো।
গত ১০ অক্টোবর রিয়াদের বিমানবন্দরে ভয়ংকর হামলার জেরে মৃত্যু হয়েছে ১২ জনের। রেহাই পায়নি দামাম বিমানবন্দর।
শুক্রবার এক বিবৃতি জারি করে ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, নিরাপত্তাজনিত কারণে আপাতত কিছুদিনের জন্য ৩১ অক্টোবর পর্যন্ত রিয়াদের কিং ফাহদ বিমানবন্দরে উড়ান পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। পাশাপাশি ২৭ অক্টোবর পর্যন্ত জেড্ডা, দামাম ও মদিনাতে বিমান পরিষেবা বন্ধ থাকবে। পশ্চিম এশিয়ার পরিস্থিতির উপর নজর রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের পরিষেবা চালু করা হবে।
এদিকে যুদ্ধের জেরে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত রাখতে বাধ্য হয়েছে সৌদি। আগামী মাসের প্রথমার্ধে রিয়াধে রাষ্ট্রপুঞ্জের ওয়ার্ল্ড ডেটা ফোরাম এবং সৌদি স্ট্যাটিস্টিক্যাল ফোরামের সম্মেলনের দ্বিতীয় সংস্করণ আয়োজিত হওয়ার কথা ছিল। দুটি সম্মেলনই শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। এদিকে গত বৃহস্পতিবার ইয়েমেন উপকূলে হামলায় নিখোঁজ ছিলেন ১৪ জন ভারতীয়। হাউথির তরফে জানানো হয়েছে, তাঁদের উদ্ধার করা হয়েছে। এবং তাঁরা তাদের (হাউথি) হেফাজতে নিরাপদে রয়েছেন। হামলার জন্য সৌদিকে দুষেছে হাউথি।
