চট্টগ্রাম নগরের ফলমন্ডিতে খেজুরে তেল মাখিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে খাদ্যদ্রব্য তৈরিতে অনিয়ম ও মূল্যতালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে আরও চার প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার নগরের ফলমন্ডি, স্টেশন রোড ও দেওয়ানহাট এলাকায় বাজার তদারকি করে অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, মোড়কজাতকরণের বিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে খেজুরে তেল মাখিয়ে প্যাকেটজাত ও বাজারজাত করায় ফলমন্ডির তুহিন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া দেওয়ানহাট এলাকার তায়েফ রেস্তোরাঁয় রান্নায় নিষিদ্ধ কাশ্মীরি মরিচ ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাত করার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় মেসার্স আল্লাহওয়ালা এন্টারপ্রাইজকে ২ হাজার, মেসার্স অ্যান্ড ব্রাদার্সকে ২ হাজার এবং মেসার্স রাউজান এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
The post ফলমণ্ডিতে অভিযান, খেজুরে তেল মাখিয়ে বিক্রিতে জরিমানা appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
