নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়, মিরপুরের ঝুটপট্টি, পারিবারিক সম্পর্ক থেকে ভর্তিযুদ্ধ—চার ভিন্ন পটভূমির গল্প নিয়ে দুর্গাপূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে আজ ‘চিরকুট, ‘কাট–পিস ও ‘স্নেহের বন্ধন আর ২৩ অক্টোবর ‘অন্যপাতা’ মুক্তি পাচ্ছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গল্প নিয়ে ‘চিরকুট’
নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে ‘চিরকুট’ নির্মাণ করেছেন মুনতাসির আকিব। অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা, সুমন পাটোয়ারী, তেহজিব, আবদুল্লাহ আল সেন্টু, সঞ্জিব আহমেদ, শাওন আশরাফ, ইকবাল, আজমল মিঠু, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, শেখ চাঁদনী, মাহিরা হাসান, ইব্রাহিম সুজন। পেশাদার অভিনয়শিল্পীদের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৫০ থেকে ৩০০ শিক্ষার্থী।
নির্মাতা মুনতাসির আকিব বলেন, ‘নব্বইয়ের দশকের পরিবেশ, মানুষের আবেগ ও ঘটনাকে সিনেমার ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক যেন শুধু একটি গল্প না দেখে; বরং একটি সময়কে অনুভব করতে পারেন—সেটাই আমাদের চেষ্টা। আশা করি, চিরকুট এবারের দুর্গাপূজার আনন্দকে আরও বাড়িয়ে দেবে।’
সিনেমাটির পোস্টার ও গান প্রকাশিত হয়েছে। নব্বইয়ের দশকের প্রেম ও তারুণ্যের আবহে তৈরি ‘প্রেমে গেলাম ডুবে’ গানটি শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। ঢাকার ব্লকবাস্টার সিনেমাসসহ বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে।

ঝুটপট্টির অচেনা জগৎ ‘কাট–পিস’
তরুণ নির্মাতা ইফফাত জাহানের প্রথম সিনেমা কাট–পিস। ‘ঝুট’ শব্দটির সাধারণ অর্থ মিথ্যা। কিন্তু গার্মেন্ট ব্যবসায় ঝুট বলতে বোঝায় পরিত্যক্ত বা উচ্ছিষ্ট কাপড়। রাজধানীর মিরপুরে এই ব্যবসা এতটাই বিস্তৃত যে একটি এলাকার নামই হয়ে গেছে ঝুটপট্টি। তুলনামূলক অচেনা সেই জগতের গল্প নিয়েই সিনেমাটি বানিয়েছেন ইফফাত জাহান।
তবে কাট–পিসকে শুধু ঝুট ব্যবসার গল্প হিসেবে দেখছেন না নির্মাতা। তাঁর ভাষ্যে, এটি মূলধারার অ্যাকশন সিনেমা। পটভূমি হিসেবে ব্যবহার করা হয়েছে ঝুটপট্টিকে। এই ব্যবসার ভেতরের রাজনীতি ও ক্ষমতার খেলাও গল্পের গুরুত্বপূর্ণ অংশ। ইফফাত জাহান জানান, ঝুট মার্কেটে যাওয়ার পর সেখানকার পরিবেশ তাঁর আগ্রহ তৈরি করে। পরে তিনি বিষয়টি নিয়ে খোঁজখবর নেন। তাঁর মনে হয়, পুরো এলাকা ও ব্যবসাটির মধ্যে কৌতূহল তৈরি করার মতো অনেক কিছু আছে।

‘কাট–পিস’-এর আরেকটি দিক হলো অ্যাকশন। নির্মাতার ভাষ্য, ছবিতে কোনো ডামি ব্যবহার করা হয়নি। মূল অভিনয়শিল্পীরাই অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছেন। শুটিংয়ের বড় অংশ হয়েছে বাস্তব লোকেশনে। মিরপুরের ঝুটের গোডাউনেও দৃশ্যধারণ করা হয়েছে।
ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিফাত আমিন ও নানজীবা তোরসা। খল চরিত্রে আছেন ইমরান আহমেদ সওদাগর। আরও অভিনয় করেছেন এলিনা শাম্মী, বাপ্পী আশরাফ, সাইফুল কবির, শাহজাদা সম্রাট ও সামি দোহা।
ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাসসহ দেশজুড়ে ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কাট-পিস।
পারিবারিক গল্পে ‘স্নেহের বন্ধন’
সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সামাজিক, পারিবারিক ও অ্যাকশনধর্মী গল্পের ‘স্নেহের বন্ধন’ নির্মাণ করেছেন কামরুজ্জামান। পরিচালক জানান, কয়েকবার সিনেমাটি মুক্তির উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে পিছিয়ে যায়। এবার মুক্তির জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

‘স্নেহের বন্ধন’–এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মৌ খান ও জয় চৌধুরী। মৌ খান বলেন, ‘এটি এমন এক নারীর গল্প, পারিবারিক মূল্যবোধ ও ভালোবাসার জন্য যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে রাজি সে। আশা করি, চরিত্রটি দর্শকদের হৃদয়ে আলাদাভাবে দাগ কেটে যাবে।’
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, সুব্রত বড়ুয়া, রাশেদা চৌধুরী, কাজী হায়াত।
ঢাকার লায়ন সিনেমাস, সৈনিক ক্লাবসহ দেশজুড়ে ১৪টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে।
শিক্ষার্থীদের গল্পে ‘অন্যপাতা’
পরিবারের প্রত্যাশা, আর্থিক টানাপোড়েন, প্রেম, পরিচয়ের সংকট ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ—তরুণদের জীবনের এমন নানা গল্প নিয়ে সিনেমা বানিয়েছেন একদল শিক্ষার্থী। ক্লাস, পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের চাপ সামলে দুই বছর ধরে এ লড়াই চালিয়ে গেছেন তাঁরা। বড় কোনো প্রযোজকের সহায়তা ছাড়াই নিজেদের টাকা ও টিউশনির আয় দিয়ে নির্মাণ করেছেন ‘অন্যপাতা’।

এসজেএ প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় মো. শাহেজাহান। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য বিভাগের শিক্ষার্থী। ছবিটির প্রযোজক অংকন দে, আবতাহী শামস ও মো. শাহেজাহান। ছয়জনের দল নিয়ে কাজ শুরু করেছিলেন তাঁরা। পরে যুক্ত হন বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪০ জনের বেশি শিক্ষার্থী।
১ ঘণ্টা ৪০ মিনিটের সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়া শাকিল ও প্রত্যাশা ঘোষ। পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ ইফতিখার। সিনেমায় রয়েছে ছয়টি মৌলিক গান।
অংকন দে জানান, ২৩ অক্টোবর ঢাকা, চট্টগ্রাম, যশোর ও সিলেটের সিনেমা হলে সিনেমাটি মুক্তি পাবে। পরে রাজশাহী, কুমিল্লাসহ অন্যান্য জায়গায়ও মুক্তি দেওয়া হবে।
