রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামে আবারও কর্মচারীর বদলি স্থগিত করতে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে শ্রমিক দলের কয়েকজন নেতার বিরুদ্ধে।
তবে রেল শ্রমিক দলের নেতারা বলছেন, প্রশাসনিক কাজের স্বার্থে তারা বদলি স্থগিতের সুপারিশ করেছেন।
চট্টগ্রামের পাহাড়তলীর প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক দপ্তরে (সিসিএস) সম্প্রতি এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর দপ্তর থেকে ৮ জনকে বদলি করা হয়। এই তালিকায় থাকা প্রধান সহকারী (সিটিসি-৩ শাখা) সাজিয়া আইরিন সুলতানার বদলি ঠেকাতে সিসিএস দপ্তরে দলবল নিয়ে যান কেন্দ্রীয় রেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম.আর মঞ্জু ও চট্টগ্রাম জেলার সমন্বয়ক জিয়াউর রহমান।
এর আগে একই আদেশে বদলি হওয়া সিটিসি-১ শাখার প্রধান সহকারী আয়েশা আক্তার সিদ্দিকার বদলি ঠেকাতেও হাজির হন শ্রমিক দলের নেতারা। অথচ এই রেল কর্মচারীকে ২০২৩ সালের ১৩ জুলাই অফিস সম্পত্তি অপসারণের দায়ে সাময়িক বরখাস্ত করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রেল কর্মকর্তা জানান, প্রশাসনিক কাজে বদলি করা হলেও রেল শ্রমিক দল নেতাদের অনৈতিকভাবে বদলি বাতিলের চাপ দিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে শ্রমিক দলের চট্টগ্রাম জেলা সমন্বয়ক জিয়াউর রহমান অভিযোগ অস্বীকার করেন।
তবে এ বিষয় রেল শ্রমিক দল সিসিএস শাখা সাধারণ সম্পাদক কামাল হোসেন জানান, প্রসাশনিক কাজের স্বার্থে বদলি স্থগিত রাখতে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রককে অনুরোধ করা হয়েছে।
এ বিষয় পাহাড়তলীর প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক বেলাল হোসেন সরকার রেল শ্রমিক দল নেতারা দপ্তরে আসার কথা স্বীকার করলেও বদলির চাপ প্রয়োগের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
জেএস/এএইচ
