অনলাইন ডেস্ক
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছে পদটি নেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিষয়টি সোমবার (২ মার্চ) জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এই প্রস্তাবের পরই ডেপুটি স্পিকার পদে জামায়াতের পাঁচ সংসদ সদস্যের নাম আলোচনায় উঠে এসেছে। তাঁদের মধ্যে রয়েছেন পাবনা-১ আসনের ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং ঢাকা-১৪ আসনের ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান। সংসদীয় রীতি অনুযায়ী আইন পেশায় অভিজ্ঞ ব্যক্তিদের এ পদে অগ্রাধিকার দেওয়ার প্রচলন থাকায় দলের একটি অংশ তাঁদের সম্ভাবনাকে ইতিবাচক হিসেবে দেখছে। তবে বয়সের দিক বিবেচনায় তুলনামূলক প্রবীণ নেতাদের নামও আলোচনায় রয়েছে।
অভিজ্ঞদের তালিকায় আছেন রাজশাহী-১ আসনের অধ্যাপক মুজিবুর রহমান, সিরাজগঞ্জ-৪ আসনের মাওলানা রফিকুল ইসলাম খান এবং ঢাকা-১২ আসনের সাইফুল আলম খান মিলন। দলের নীতিনির্ধারণী পর্যায়ে তাঁদের সাংগঠনিক অভিজ্ঞতা ও দীর্ঘ রাজনৈতিক সম্পৃক্ততা বিশেষভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
তবে ডেপুটি স্পিকার পদ গ্রহণের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত দেয়নি জামায়াত। দলীয় সূত্র বলছে, ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার কতটা আন্তরিক—তা পর্যবেক্ষণ করছে তারা। গত ১ মার্চ অনুষ্ঠিত নির্বাহী পরিষদের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। ক্ষমতার ভারসাম্য ও রাজনৈতিক সমঝোতার প্রশ্নে সন্তোষজনক অগ্রগতি না হলে পদটি না-ও নেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
এদিকে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে জামায়াত, এনসিপিসহ ১১ দলের সংসদীয় টিমের সঙ্গে আলোচনা করা হবে। দলের মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ডেপুটি স্পিকার পদে কাউকে নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে ভাবা হয়নি; সংসদীয় টিমের সঙ্গে আলোচনার পরই সিদ্ধান্ত জানানো হবে।
