সিলেটের জকিগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফরহাদ (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) সকাল ৮টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের কাজলসার ইউনিয়নের আটগ্রাম বাসস্ট্যান্ড-সংলগ্ন সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ উপজেলার বারগাত্তা গ্রামের সুফান মিয়ার ছেলে। তার বাড়ি মুকামের পাশের বাড়ি হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ফরহাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে ছোট ভাইকে মোটরসাইকেলে সড়কের বাজারে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন ফরহাদ। মাত্র এক মাস আগে বিয়ে করেছিলেন তিনি। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে জকিগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেন জানান, বাসচালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। বাসটি আটক করে থানায় নেওয়া হচ্ছে।
