শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির দিনেও সীমিত আকারে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ২০ থেকে ২২ অক্টোবর দেশের সব কাস্টমস হাউস ও স্টেশনে কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এনবিআরের কাস্টমস নীতি শাখা থেকে প্রকাশিত নির্দেশনায় সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটির দিনগুলোতে সীমিত আকারে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখতে হবে।
এ বিষয়ে নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছেন এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) রেজাউল করিম।
দুর্গাপূজা উপলক্ষে আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে সারা দেশে পাঁচ দিনের ছুটি শুরু হচ্ছে। এর মধ্যে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার পূজার ছুটি এবং শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির মধ্যেও আমদানি-রপ্তানি কার্যক্রম চালু থাকে। এ কারণে বাকি তিন দিনের ছুটিতে কার্যক্রম সচল রাখতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে এ পাঁচ দিন দেশের ব্যাংক লেনদেন, পুঁজিবাজারসহ আর্থিক খাত বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে ২০ থেকে ২২ অক্টোবর ব্যাংক বন্ধ থাকবে।
