প্রকাশিত: ১৪:২৭, ১৪ অক্টোবর ২০২৬ আপডেট: ১৪:৩১, ১৪ অক্টোবর ২০২৬
আবারও একসাথে দেখা যাবে যুবরাজ ও সৌরভকে।
আইপিএলের আগামী মৌসুমে নতুন ভূমিকায় দেখা যাবে ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংকে। ২০২৭ সালের আসর সামনে রেখে প্রধান কোচ সৌরভ গাঙ্গুলির সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার (১৩ অক্টোবর) ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এই দায়িত্বের মধ্য দিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক কোচিংয়ে নাম লেখাতে যাচ্ছেন ভারতের বিশ্বকাপজয়ী তারকা।
ভারতের হয়ে ৩০৪টি ওয়ানডে, ৪০টি টেস্ট ও ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন ৪৪ বছর বয়সী যুবরাজ। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল তাঁর। খেলোয়াড়ি জীবন শেষে সাম্প্রতিক বছরগুলোতে ভারতের বেশ কয়েকজন প্রতিষ্ঠিত ও উদীয়মান ক্রিকেটারকে নিয়ে কাজ করেছেন যুবরাজ। এবার সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চান সহজারী কোচ হিসেবে।
দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুবরাজের সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০১৫ সালে তখনকার দিল্লি তাঁকে ১৬ কোটি রুপিতে দলে নিয়েছিল। সে সময় আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছিলেন তিনি। ওই মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ১৪টি ম্যাচেই খেলেছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার।
যুবরাজকে দলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান পার্থ জিন্দাল। তাঁর মতে, যুবরাজ ভারতের ক্রিকেটের অন্যতম সেরা ম্যাচজয়ী খেলোয়াড়। তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, জয়ের মানসিকতা এবং খেলোয়াড়দের সঙ্গে সহজে মিশতে পারার গুণ দলকে উপকৃত করবে।
ফ্র্যাঞ্চাইজিটির আরেক সহ-মালিক কিরণ কুমার গ্র্যান্ডিও যুবরাজের নিয়োগকে স্বাগত জানিয়েছেন। তাঁর বিশ্বাস, যুবরাজের দীর্ঘ অভিজ্ঞতা, প্রতিযোগিতামূলক মানসিকতা ও ক্রিকেটীয় জ্ঞান দিল্লির কোচিং প্যানেলকে আরও শক্তিশালী করবে।
নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত যুবরাজও। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে পুরোনো সম্পর্ককে বিশেষ সুযোগ হিসেবে দেখছেন তিনি। একই সঙ্গে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে কোচ হিসেবে কাজ করার অপেক্ষায় রয়েছেন যুবরাজ। খেলোয়াড়ি জীবনে সতীর্থ হিসেবে জুটি বাধার পর এবার নতুন ভূমিকায় তাঁদের একসঙ্গে দেখা যাবে।
