Published on
:
1 min read
কর্মী সংকোচনের পথে হাঁটল বিশ্বের অন্যতম বৃহৎ টেক সংস্থা কোয়ালকম (Qualcomm)। সেমিকন্ডাকটর এবং টেলি কমিউনিকেশন যন্ত্রাংশ তৈরির সেক্টরে প্রথমসারির এই সংস্থা পারফর্ম্যান্সের ভিত্তিতে কর্মী ছাঁটাই করবে বলে জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সংস্থার সিইও ক্রিস্টিয়ানো অ্যামন একটি মেমোর মাধ্যমে কর্মীদের ছাঁটাই সংক্রান্ত সিদ্ধান্তের খবর দিয়েছেন।
সংস্থার সিইও জানিয়েছেন, কোয়ালকমে কাজের গুণমান বৃদ্ধি এবং পারফর্ম্যান্সের পরিবেশ ফেরাতে এই পদক্ষেপ করা হচ্ছে। বেশ কিছুদিন ধরে সংস্থা নিজের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না বলেও জানিয়েছেন সিইও ক্রিস্টিয়ানো অ্যামন।
কতজনকে ছাঁটাই করবে Qualcomm?
সূত্রের খবর, কর্মীদের যে বার্তা দেওয়া হয়েছে, সেখানে কতজনকে ছাঁটাই করা হবে, সেটা জানানো হয়নি। সংস্থা অগ্রাধিকার, কাঠামোগত প্রয়োজনীয়তা এবং দক্ষ শ্রমিকের প্রয়োজনীয়তা অনুযায়ী ছাঁটাই করা হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত গোটা বিশ্বে কোয়ালকমের কর্মী সংখ্যা ৫২০০০। অ্যামন বলেছেন, ‘আমাদের ঠিক জায়গায় ঠিক কর্মী রাখা প্রয়োজন, যাতে তারা সবচেয়ে ভালো পারফর্ম করে সংস্থাকে সাফল্য এনে দিতে পারে।’
সম্প্রতি মেমোরি চিপে দাম বাড়তে থাকায় বৈদ্যুতিন পণ্যের চাহিদা কমছে। তার জেরে ধাক্কা খেয়েছে কোয়ালকমের ব্যবসা। গত জুলাইয়ে সংস্থার তরফে আর্নিং রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। সেখানে দেখানো হয়েছিল ত্রৈমাসিকের হিসেব অনুযায়ী, যা লক্ষ্যমাত্রা তার চেয়ে কম ব্যবসা হবে। অ্যাপল প্রোডাক্ট থেকে মোটা অঙ্কের রোজগার করত কোয়ালকম, সেখানেও ধাক্কা লাগতে পারে বলে মনে করা হচ্ছে। ব্যবসার গতিতেও একটা পরিবর্তন এসেছে। নন-হ্যান্ডসেট সংক্রান্ত ব্যবসা এবং ডাটা-সেন্টার সংক্রান্ত কোয়ালকমের ব্যবসায় গতি দেখা গিয়েছে।