Published on
:
1 min read
এই সময়, আসানসোল: নেতাজির নামের বানান ভুল লেখা নিয়ে তৈরি হওয়া তীব্র বিতর্কের জেরে তড়িঘড়ি ফ্লেক্স বদলালেও কাটেনি অসন্তোষ। সোমবার সকালে কুলটির বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অজয় পোদ্দারের তৈরি ‘নেতাজি সেবাকেন্দ্র’-র সদর প্রধান ফটকের উপরে থাকা ফ্লেক্সে ‘সুভাষচন্দ্র’র পরিবর্তে ‘সুভাষ চংদ্র’ লেখা দেখে ফুঁসে ওঠেন স্থানীয় বাসিন্দা ও বিশিষ্টরা। মঙ্গলবার বিকেলে বিজেপির রাজ্য অবজ়ার্ভার সুনীল বনসলের উপস্থিতিতে সেবাকেন্দ্রের উদ্বোধনের আগেই পুরোনো ফ্লেক্সটি সরিয়ে নতুন ফ্লেক্স লাগায় গেরুয়া শিবির।
বিজেপির জেলা নেতা তথা বিধায়কের ছেলে কেশব পোদ্দার এই প্রসঙ্গে বলেন, ‘এটি অনিচ্ছাকৃত ভুল। বিষয়টি নজরে পড়ার পরেই ফ্লেক্সটি পাল্টে দেওয়া হয়েছে।’ তবে নতুন ফ্লেক্স লাগানোর পরেও বিতর্ক থামেনি। কারণ, সংশোধিত ফ্লেক্সে ‘নেতাজি সুভাষচন্দ্র বসু’ নামটিতে ‘সুভাষ’ ও ‘চন্দ্র’ শব্দ দু’টির মাঝখানে অতিরিক্ত ফাঁকা বা স্পেস রেখে দেওয়া হয়েছে, যা নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা। প্রবীণ শিক্ষক ও সাহিত্যিক বিকাশ গায়েন বলেন, ‘সবাই সবটা জানবেন এমন নাও হতে পারে। তাই যিনি এই বিষয়গুলি জানেন, তাঁদের কাছ থেকে সংশোধন করিয়ে নেওয়া উচিত ছিল।’ উদ্বোধনের আগে তড়িঘড়ি ফ্লেক্স বদলানো হলেও এই অসাবধানতা নিয়ে শিল্পাঞ্চলে জোর চর্চা চলছে।
